
নামে কী আসে যায়, বলেন অনেকেই। অথচ নামের মধ্যে ধরা থাকে কত কিছুই। সত্যজিৎ রায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্প থেকে ছবি করা মনস্থ করলেন, ছবির নাম হিসেবে 'নষ্টনীড়'ই ওঁর মাথায় ছিল। প্রথম দিককার বিজ্ঞাপন, পোস্টার ইত্যাদি নষ্টনীড় নামেই হয়েছিল। কিন্তু ছবির নাম রেজিস্ট্রেশন করাতে গিয়ে দেখা গেল, নষ্টনীড় নামে একটি ছবি হয়েই আছে। এম পি প্রোডাকশন্সের 'নষ্টনীড়', সুনন্দা দেবী, কমল মিত্র এবং উত্তমকুমার অভিনীত নষ্টনীড় মুক্তি পেয়েছিল ১৯৫১ সালের ২৪ অগস্ট। পরিচালক ছিলেন পশুপতি চট্টোপাধ্যায়। একই নামে আবার ছবি হলে গুলিয়ে যেতে পারে দর্শকের। সত্যজিৎ প্রথমে নাম ভাবেন, 'অমল আর ভূপতি'। কিন্তু শেষে 'চারুলতা' নামটাই ওঁর মনে ধরে। আর ওই নামটাই ছবির জন্য অমোঘ হয়ে ওঠে।
এ ছবির বিখ্যাত দোলনার দৃশ্য যেখানে মাধবী মুখোপাধ্যায় গুন গুন করে 'ফুলে ঢলে ঢলে' গাইছেন, নিজের এক স্মৃতিচারণে মাধবী জানিয়েছেন, ওই দৃশ্যটির শুটিং হয়েছিল শিবপুরের বিই কলেজে।
চারুলতা মুক্তি পায় ১৯৬৪ সালের ১৭ এপ্রিল শ্রী, প্রাচী আর ইন্দিরাতে।